খুলনা

যশোরের শার্শায় দুটি মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেলের ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনের অভিযোগে রিপন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন আনুমানিক ৩ হাজার ৪০০ গ্রাম। এ সময় দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং একটি স্মার্ট ঘড়িসহ স্বর্ণ পাচারকারী রিপনকে আটক করা হয়।

আটক করা স্বর্ণের মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। অন্যান্য মালামালসহ মোট জব্দমূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক করা স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিস, যশোরে এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


সম্পর্কিত খবর