রাজশাহী

রক্তদহ বিলের পাখি পল্লী ও মাছ রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন

নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহাসিক রক্তদহ বিলের মৎস্য অভয়াশ্রম ও পাখি পল্লীর নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় রতন ডারা খালের হাতীরপুল এলাকায় সৌর বিদ্যুৎ চালিত এই আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিশাল এই অভয়াশ্রম এলাকা থেকে দিনের বেলা ও রাতের আঁধারে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ চুরির অভিযোগ ছিল দীর্ঘদিনের। সার্বক্ষণিক পাহারা দেওয়া কঠিন হওয়ায় স্মার্ট প্রযুক্তির অংশ হিসেবে ২৬ ফুট উঁচু স্টিল পাইপের ওপর এই ক্যামেরাগুলো বসানো হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজ কার্যালয় বা বাসায় বসে মোবাইলের মাধ্যমেই পুরো এলাকা পর্যবেক্ষণ করতে পারবেন।

 

রাণীনগর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, মৎস্য অভয়াশ্রমের দেশি মাছের নিরাপদ প্রজনন ও পাখি পল্লীর পরিবেশ সুরক্ষায় এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এতে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম রক্ষায় আমরা স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছি। নজরদারির পাশাপাশি পর্যটকদের জন্য এখানে ঝুলন্ত সেতু, মুক্তমঞ্চ ও ছাতার আদলে বসার স্থানসহ নানাবিধ আধুনিকায়ন কাজ চলমান রয়েছে।”

 

উল্লেখ্য, প্রায় ১ হাজার ৬৫০ বিঘা আয়তনের এই রক্তদহ বিলটি নওগাঁর রাণীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার আংশিক এলাকা নিয়ে বিস্তৃত, যা ঐতিহাসিকভাবেই এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জলাশয়।

 



সম্পর্কিত খবর