"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরেও অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলা। এই উপলক্ষে রাণীনগর উপজেলায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেশব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মেলা উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতেই একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থাপন করা ভূমিসেবা মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। এরপর একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান (অঙ্কুর), সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফায়সাল তালুকদার, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা বিএনপির সম্পাদক মোশারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, সেবাগ্রহীতা প্রমুখ।
এ সময় অতিথিরা অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে খুব সহজেই দালাল ছাড়া কীভাবে ভূমি-সংক্রান্ত সেবাগুলো পাওয়া সম্ভব, সেই বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া ভূমিসেবা মেলায় নতুন সেবা হিসেবে অনলাইনেই ভূমি-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ কীভাবে করা যায়, ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ভূমি-সংক্রান্ত প্রতিটি সেবা হয়রানি ছাড়াই পেতে স্ব-স্ব অফিসে গিয়ে গ্রহণের অনুরোধ জানানো হয়।