রাজশাহী

রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

নওগাঁর রাণীনগরে মজনু সাখিদার (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গত দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার গোনা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তিনি ওই গ্রামের হুরমত সাখিদারের ছেলে।

 

মজনু সাখিদার মানসিক ভারসাম্যহীন হওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। দ্রুত তাঁকে খুঁজে পেতে পুলিশ-প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।

 

পারিবারিক সূত্রে জানা যায়, দেড় মাস আগে মজনু সাখিদার হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

 

নিখোঁজ মজনু সাখিদারের বাবা হুরমত সাখিদার ও মা রাশেদা বেগমসহ পরিবারের সদস্যরা মজনুকে হারানোর শোকে ভেঙে পড়েছেন। মজনু সাখিদারের ছেলে আল-আমিন জানান, পরিবারের সবাই তাঁর বাবা মজনুকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন। তিনি সমাজের সকল মানুষের কাছে মজনুর সন্ধান পেতে সহযোগিতা কামনা করেছেন।

 

তাঁর পরিবার আরও জানায়, মজনু সাখিদার মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি কোথায় আছেন বা কী অবস্থায় আছেন তা নিয়ে তাঁরা অত্যন্ত চিন্তিত। দ্রুত তাঁকে খুঁজে বের করতে পুলিশ-প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা চেয়েছেন।

 

যদি কোনো সহৃদয় ব্যক্তি মজনু সাখিদারের সন্ধান পান, তাহলে তাঁর ছেলে আল-আমিনের এই (০১৩৩৮-০২৬৮৪১) মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, "মজনু সাখিদার নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় কেউ কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেনি। তারপরও আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। তাঁর সন্ধান পেতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।"



সম্পর্কিত খবর