রাজশাহী

রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ তিনজন নিহত

নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুইজন কৃষি শ্রমিক এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পারইল এবং গুয়াতা এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে। নিহত আক্কাস ফকির পারইল গ্রামের আসাদ ফকিরের ছেলে ও তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে। এ ছাড়া নয়ন তালুকদার উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান, এদিন সকালে আক্কাস ফকির ও তারেক রহমান গ্রামের দক্ষিণ মাঠে জমিতে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে মাঠের মধ্যে থাকা অন্য শ্রমিকেরা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। এরপর স্থানীয় লোকজন মাঠ থেকে দুইজনের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

 

অন্য দিকে গুয়াতা গ্রামের নয়ন তালুকদারের চাচাতো ভাই মিঠু তালুকদার জানান, বেলা ১১টার দিকে বৃষ্টি আসলে নয়ন তালুকদার গ্রামের পশ্চিম মাঠ থেকে গরু আনতে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। বিকেল তিনটা নাগাদ লোকজন ঘাস খাওয়ানোর জন্য মাঠে গরু নিয়ে যাওয়ার সময় দেখতে পান নয়ন তালুকদারের মরদেহ মাঠের মধ্যে পড়ে আছে। তাঁর শরীর বজ্রপাতে ঝলসে গেছে বলে জানান মিঠু তালুকদার।

 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে।



সম্পর্কিত খবর