নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আব্দুল খালেক মন্ডল নামে এক যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে আব্দুল খালেক মন্ডল (৪০) ও একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে সাহাবুল হোসেন (৩২)। ঘটনাটি ঘটেছে রোববার রাত আনুমানিক সাড়ে ১২টা নাগাদ আবাদপুকুর-রাণীনগর আঞ্চলিক মহাসড়কের খলিশাকুড়ি মোড় নামক ব্রিজ এলাকায়।
সাহাবুল হোসেন মোবাইল ফোনে জানান, রোববার রাতে আব্দুল খালেকের মোটরসাইকেলযোগে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে রাত আনুমানিক সাড়ে ১২টা নাগাদ বাড়ি ফেরার সময় আবাদপুকুর-রাণীনগর আঞ্চলিক মহাসড়কের করজগ্রাম পার হয়ে খলিশাকুড়ির মোড় এলাকায় ব্রিজের নিকট পৌঁছালে প্রস্রাব করার জন্য মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গাড়ির সামনে আসে। এ সময় তাদের দুইজনের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে পকেট থেকে প্রায় ১১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে খালেকের পেটে একাধিকবার ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় খালেককে রক্ষা করতে গিয়ে তিনিও হাতে ছুরিকাঘাতের শিকার হন এবং তাঁকে লাঠিপেটা করা হয়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খালেকের কিছুটা নাড়িভুঁড়ি বের হয়ে যায়। এ সময় পূর্ব দিক থেকে একটি গাড়ি আসলে গাড়ির আলো দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় খালেককে উদ্ধার করে কোনো রকমে মোটরসাইকেলে তুলে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে ৬/৭ জন ছিল। তাঁর কাছে থাকা ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। কিন্তু খালেক মন্ডলের জ্ঞান না ফেরায় তার কাছ থেকে কোনো টাকা নিয়েছে কিনা তা জানা যায়নি। এছাড়া আদৌ তারা ছিনতাইকারী ছিল নাকি পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা করেছে, তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না বলে জানান সাহাবুল হোসেন।
রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান, আহতরা চিকিৎসাধীন থাকায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। তবে ঘটনাটি সুষ্ঠুভাবে খতিয়ে দেখা হচ্ছে।