নওগাঁর রাণীনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক দুজন আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের এদিন দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, মাদক মামলার আসামিরা বাড়িতে রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শমসের আলীর ছেলে বকুল প্রামাণিককে (৪৫) গ্রেপ্তার করা হয়। এছাড়া একই দিন সকালে উপজেলার বেতগাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে আরিফুর রহমান পিন্টুকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি এবং তাঁদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরেই আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।