রাজশাহী

রাণীনগরে রাতে চুরি, ভোরে থ্রি-পিস ও প্যান্ট পরে ছিনতাই

নওগাঁর রাণীনগরে রাতে মোটরসাইকেল চুরি এবং ভোরে থ্রি-পিস ও কালো প্যান্ট পরে মুখ বেঁধে অভিনব কায়দায় স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের মারধরে মিশুক প্রামাণিক (২৪) নামে এক যুবক আহত হয়েছে। তাকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে ও রোববার ভোরে পৃথকভাবে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

ছিনতাইকারীদের কবলে পড়া উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের শহিদুল ইসলাম বাবুর ছেলে মিশুক প্রামাণিক জানান, রাতে তার নানা মারা যাওয়ার খবর পেয়ে ভোর অনুমান পৌনে চারটায় একটি টমটম ভাড়া করে বাবা-মা ও পরিবারের লোকজনসহ পার্শ্ববর্তী আত্রাই উপজেলার তিলাবুদুরি গ্রামে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে রাণীনগর উপজেলার আলোপাড়ার মোড় নামক স্থানে পৌঁছালে থ্রি-পিস ও কালো প্যান্ট পরা এবং মুখ বাঁধা তিনজন ছিনতাইকারী সড়কে বাঁশ ফেলে পথরোধ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে কাছে থাকা ২৩ হাজার টাকা এবং মা মেরিনা বিবির গলায় থাকা পাঁচ আনা ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে মিশুককে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনার খবর পেয়ে ভোরেই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

অন্যদিকে, উপজেলার খাগড়া গ্রামের শমসের আলীর ছেলে জহুরুল ইসলাম (৬২) বলেন, তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। দীর্ঘ দিন ধরে তিনি উপজেলার কুজাইল বাজারে একটি চেম্বারে বসে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। প্রতিদিনের ন্যায় শনিবার মোটরসাইকেল নিয়ে বাজারে গিয়ে চেম্বার এলাকায় তার ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল রেখে মসজিদে এশার নামাজ আদায় করেন। নামাজ শেষে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় রাতেই তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, “ছিনতাইয়ের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এসব ঘটনায় মামলা রুজুসহ জড়িতদের ধরতে এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।”



সম্পর্কিত খবর