নরসিংদীর রায়পুরায় রেললাইন পার হওয়ার সময় কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে লুৎফর নাহার (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় দৌলতকান্দি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে সাপমারা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি দৌলতকান্দি স্টেশন অতিক্রম করছিল। ওই সময় লুৎফর নাহার বাজার করার উদ্দেশ্যে রেললাইন পার হতে গেলে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত লুৎফর নাহার রায়পুরা উপজেলার বাসিন্দা ও পাঁচ সন্তানের জননী।
ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”