যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করা হয়েছে। পরে জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
বুধবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় শার্শা উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানান শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান।
মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন মাছ নির্বিচারে ধরা পড়ে এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আজকের অভিযানে ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য দপ্তর জানায়, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষার পাশাপাশি নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।