চট্টগ্রাম প্রতিদিন

সাজেকে নিরাপত্তা ও ভ্রমণনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জেলা শহরের শাপলা চত্বরে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সড়ক অবরোধ এবং পর্যটকদের ভ্রমণে প্রশাসনের বেঁধে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এ মানববন্ধনে সিএনজি, মাহিন্দ্র, জিপ ও পিকআপ চালক-শ্রমিক এবং হোটেল, রিসোর্ট ও কটেজের মালিক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পাহাড়ের দুই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) ও জেএসএস (সন্তু)-এর আধিপত্য বিস্তারের সংঘাতের কারণে স্থানীয় পর্যটন অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে এবং এলাকাটি পর্যটকদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। ফলে পর্যটনশিল্পের সঙ্গে জড়িত সবাই চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং জনজীবনে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতির স্থায়ী অবসান চান স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন থেকে বক্তারা সাজেকে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি ভ্রমণনিষেধাজ্ঞা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি জানান। এসব দাবি বাস্তবায়নে তাঁরা ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন।

মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 


সম্পর্কিত খবর