জাতীয়

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন

 

চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

সোমবার (১৩ জুলাই) ভোররাত সোয়া চারটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নজরুল ইসলামের বয়স হয়েছিল ৭৮ বছর। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত ছিলেন নজরুল ইসলাম। তিন মাস ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে না ফেরার দেশে চলে যান তিনি।

মৃত্যুর বিষয়টি নজরুল ইসলামের ভাতিজা বায়েজিদ আল নাহিয়ান। তিনি বলেন, মরদেহ চট্টগ্রাম নগরের বেভারলি হিল আবাসিক এলাকার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে রাত ১০টায় প্রথম জানাজা হবে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার পর চন্দনাইশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নজরুল ইসলাম চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের শুরুর দিকে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের পর তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। কিন্তু একই বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে সংসদ বিলুপ্ত হলে তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য হিসেবে দায়িত্বের অবসান ঘটে। তিনি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহসভাপতি ছিলেন।



সম্পর্কিত খবর