রংপুর

সিন্ডিকেট করে কেউ সেবার মান নিয়ন্ত্রণ করতে পারবে না —পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ

সিন্ডিকেট করে কেউ যদি হাসপাতালের সেবার মান নিয়ন্ত্রণ করতে চান, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন। যারা সিন্ডিকেট করবে, তাদের নির্মূল করার হুঁশিয়ারি দেন তিনি। সিন্ডিকেট তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, বর্তমান তারেক রহমানের সরকার চলতি বাজেটেই চিকিৎসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। আশা করি চিকিৎসকের শূন্যপদের সমস্যা দ্রুত সমাধান হবে। এ জেলার মানুষ খেটে খাওয়া মানুষ, দিনমজুর। তাঁরা যেন চিকিৎসা নিতে গিয়ে কোনো বাধা বা বৈষম্যের শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালটিকে মানসম্মত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এর আগে আমরা সবাই দলমত-নির্বিশেষে ব্যক্তিগত তহবিল থেকে নতুন ভবনটি চালু করার চেষ্টা করেছিলাম। কিন্তু সরকারের সহযোগিতা ছাড়া এ হাসপাতালটি চালু করা সম্ভব নয়। এটি চালু করতে হলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, নার্সসহ সকলের সহযোগিতা লাগবে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনদের মতবিনিময় সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এসব কথা বলেন।

স্বাস্থ্য বিভাগ পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করে। এ বিষয়ে চিঠি ইস্যু করে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। ফরহাদ হোসেন আজাদ আধুনিক সদর হাসপাতালের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পরেই হাসপাতালের মানোন্নয়নের জন্য চিকিৎসক ও নার্সদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন।

১৫ আগস্ট শনিবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস নিতু।

অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন। এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন ও পুলিশ সুপার আবু সায়েম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সিভিল সার্জন কাম আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। মতবিনিময় সভায় বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি উপস্থিত হয়ে হাসপাতালের দিকনির্দেশনা এবং বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন। বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, সংবাদকর্মী ফাহিম হাসান, স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব ও গণঅধিকার পরিষদের মোস্তাফিজুর রহমান।

বক্তারা হাসপাতালের চিকিৎসার মান উন্নয়ন, সঠিক পন্থায় ওষুধ সরবরাহ এবং নার্সদের সেবার মান বাড়ানোর বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। তাঁরা দ্রুত নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট নতুন ভবন চালু করার জন্য ব্যবস্থা নিতে বলেন এবং হাসপাতালে ওষুধসংকট, বেডসংকট, চিকিৎসকসংকটসহ নানা সমস্যার কথা উল্লেখ করেন।

 


সম্পর্কিত খবর