নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব নিজস্ব অর্থায়নে একটি নতুন কাঠের সেতু নির্মাণ এবং একটি জরাজীর্ণ কাঠের সেতু সংস্কার করেছেন। এর ফলে ওই ইউনিয়নের মৌলভী ও আলামিন গ্রামের অন্তত ৬ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
রোববার (২ নভেম্বর) সকালে সেতু দুটি আনুষ্ঠানিকভাবে যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়।
নতুন নির্মিত ও সংস্কার করা কাঠের সেতুগুলো হলো— চানন্দী বাজার সংলগ্ন মৌলভী গ্রামের কাঠের সেতু এবং আলামিন গ্রামের সংস্কার করা কাঠের সেতু। প্রতিটি সেতুর গড় দৈর্ঘ্য ৬০ থেকে ৭০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। এই সেতুগুলো তৈরিতে রডের পিলার এবং কাঠের ফালি বা মোটা তক্তা ব্যবহার করা হয়েছে। নতুন এ কাঠের সেতু দিয়ে এখন অনায়াসে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা মালামাল বা যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে।
চানন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি ইসমাইল তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে চানন্দী খালের ওপর সেতুর অভাবে মৌলভী গ্রামের স্থানীয় বাসিন্দারা নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন। একাধিক জনপ্রতিনিধির কাছে ধরনা দিয়েও কোনো ফল মেলেনি। পরে স্থানীয় লোকজন বিষয়টি বিএনপি নেতা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে জানালে তিনি তাঁর ব্যক্তিগত অর্থায়নে এই কাজ সম্পন্ন করেন, যার মধ্য দিয়ে প্রায় ৬ হাজার মানুষের দুর্ভোগ নিরসন হলো।
চানন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, মৌলভী গ্রামের এই পথে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজারো নারী-পুরুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা অনেক কষ্ট করে যাতায়াত করতেন। বিএনপি নেতা তানভীর তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে এলাকায় এলে এ দুর্ভোগের কথা জানতে পারেন এবং দ্রুত সেতুটি নির্মাণ করে দেন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, স্থানীয় লোকজন তাদের দুরবস্থার কথা আমাকে জানালে আমি কাঠের সেতু নির্মাণ ও সংস্কারের কাজ করি। ফলে মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হয়েছে। তিনি আরও বলেন, "বিষয়টি আগে জানলে সেতুটি আগেই করে দিতাম। সেতুটি করে দিতে পেরে আমি নিজেও খুশি। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।"