হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ শিশু মারা গেছে। এদের মধ্যে দুজনের মৃত্যু নিশ্চিত হামে। অন্যদের হামের উপসর্গ ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হামের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৫৪। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু।
তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪১৪ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৫ জন। মোট মৃত্যু ৪৯৯ জন।