"১০০ দিনের মাথায় আমরা চিন্তা করছি কী পেলাম, কী পেলাম না—এই হিসাব করবেন না। আসুন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ডে শামিল হই। সরকার গঠন করার পর একটি দল প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের কাজগুলোকে বিতর্কিত করার চেষ্টা করছে।"
তিনি আরও বলেন, "আমি দলটিকে ভালোবাসি এবং জিয়ার সৈনিক হিসেবে আমার জীবনদর্শন, সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করছি। জিয়াউর রহমান দলকে চিনতেন, ব্যক্তি স্বার্থ দেখতেন না। একসময় সারা বিশ্বে তেলের সংকট ছিল। তখন একটি দলের নেতা-কর্মীরা লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সরকার তেলের সংকট নিরসনে কমিটি গঠন করে সেই সমস্যার সমাধান করেছিল।"
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এসব কথা বলেন। তিনি বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের বাধার কারণে দীর্ঘ ১৭ বছর আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করতে পারিনি। তারা দোয়া মাহফিলে বাধা দিয়েছে, অনুষ্ঠানে হামলা করে লুটপাট করেছে। আজ আমরা সারা দেশের মতো পঞ্চগড়েও নির্বিঘ্নে দোয়া মাহফিল করতে পারছি।"
প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সময়োপযোগী বিভিন্ন কৌশল গ্রহণ করছেন। জিয়াউর রহমান যে স্বপ্নগুলো দেখেছিলেন এবং বেগম খালেদা জিয়া যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে তিনি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন।
শনিবার (৩০ মে) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সুফি, জাসাস নেতা ইউনুস আলী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ বারি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক। দোয়া মাহফিলে পঞ্চগড়ের পাঁচ উপজেলা ও তিন পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।