খুলনা

১৮ মামলার আসামি সেই আলামিন বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

যশোর শহরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এবং হত্যাসহ ১৮টি মামলার পলাতক আসামি আলামিনকে (২৮) একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে যশোর শহরের পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আলামিন যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।

 

র‍্যাব সূত্রে জানা গেছে, আলামিন দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে অন্তত ১৮টি মামলা রয়েছে। তিনি শহরের চাঞ্চল্যকর তানভীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি হিসেবে চিহ্নিত। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা তাকে অস্ত্রসহ হাতে-নাতে আটক করতে সক্ষম হন।

 

অভিযান শেষে মেজর ফজলে রাব্বি জানান, আলামিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

দীর্ঘদিন পর আলোচিত এই সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে বিচারিক প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। সোলাইমান শিকদার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, "অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক হওয়া স্বস্তির খবর, তবে দ্রুত বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।"

 

রেলস্টেশন এলাকার একজন সচেতন নাগরিক আলামিনের দীর্ঘ দিন ধরাছোঁয়ার বাইরে থাকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "১৮টি মামলার আসামি কীভাবে এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়াল তা খতিয়ে দেখা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনী চাইলে যে অপরাধীদের ধরতে পারে, এই গ্রেপ্তার তার প্রমাণ।"

 

স্থানীয়দের অভিযোগ, আলামিন টিবি ক্লিনিক পাড়ার বাসিন্দা হলেও পুলেরহাটসহ আশপাশের এলাকায় তার শক্তিশালী অপরাধ চক্র ছিল। তার প্রভাবে এলাকার অনেক তরুণ বিপথগামী হয়েছে বলেও অভিভাবকরা অভিযোগ করেন।



সম্পর্কিত খবর