ঢাকা

৭০ পূজামণ্ডপে এমপির সাড়ে ৩ লাখ টাকা ও ৩০০ শাড়ি উপহার

নরসিংদীর শিবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সর্বজনীন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সরকারি বরাদ্দের চালের ডিও বিতরণের পাশাপাশি উপজেলার ৭০টি পূজামণ্ডপে নগদ অর্থসহায়তা ও শাড়ি উপহার দিয়েছেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ প্রস্তুতি সভা ও অনুদানের চালের ডিও হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনিক ও সামাজিক সহযোগিতা নিশ্চিত করা হবে।"

এ সময় তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে শিবপুর উপজেলার ৭০টি পূজামণ্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা নগদ অনুদান দেন। পাশাপাশি উৎসবের উপহার হিসেবে পূজামণ্ডপগুলোর জন্য মোট ৩০০টি শাড়ি বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল, বাংলাদেশ হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, শিবপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অসীম কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রাজন রায়সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এদিকে আসন্ন দুর্গাপূজা ঘিরে প্রতিটি পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে শিবপুরে শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা সংশ্লিষ্টদের।



সম্পর্কিত খবর