বিজয়ের ৫০ বছর

‘আশঙ্কাজনকহারে’ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন

 

করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যে দেশের হাসপাতালগুলোতে আশঙ্কাজনকহারে রোগী ভর্তি হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২১ জানুয়ারি) কোভিড পরিস্থিতি নিয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে জাহিদ মালেক এ তথ্য জানান।

 

দেশে কোভিড পরিস্থিতি অবনতি ঘটেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিনিই রোগী শনাক্তের হার বাড়ছে, যদিও মৃত্যুহার এখনও কিছুটা কম। সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ আমরা এখনও সেভাবে স্বাস্থ্যবিধি মানছি না। সরকার ১১ দফা বিধিনিষেধ দিয়েছে, তারপরও মানুষ সেটা মানছে না।

 

হাসপাতালের বেড এক তৃতীয়াংশ ভরে গেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটাও আশঙ্কাজনক। এভাবে বাড়লে ঢাকা শহরের সকল হাসপাতালেই আর বেড পাওয়া যাবে না। হাসপাতালে যে অবস্থা চলছে সেটা আশঙ্কাজনক। আগে থেকেই সর্তক হতে হবে। ঢাকা শহরের সিটি করপোরেশনের ভেতরেই এক হাজার মানুষ ভর্তি হয়েছে।’

 

দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী পরিস্থিতি ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে, সেইসঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালতে অর্ধেক জনবল দিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এসময় মন্ত্রী আরও বলেন, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয়সহ যে কোনও অনুষ্ঠানে ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না। যারা এসব অনুষ্ঠানে অংশ নেবেন তাদের অবশ্যই টিকার সনদ থাকতে হবে, নতুন ২৪ ঘণ্টার মধ্যে করানো পিসিআর টেস্টে ‘নেগেটিভ’ সনদ থাকতে হবে। গণপরিবহনেও একই ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর