খুলনা

আওয়ামী লীগের সঙ্গে ’৯৬-এর মতো আবারও বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান

বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ’৯৬-এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সম্বলিত এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে। রাশেদ খান বলেন, বিরোধী দলের উসকানিতেই এরকম দুঃসাহস দেখিয়েছে ওই যুবক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন।

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, ’৯৬ ও ’৮৬-তে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা মিলে গেছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত শুরু করেছে।

রাশেদ খান বলেন, রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রীকে নিয়ে এক যুবক ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি আছে কি না খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণেই ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার উৎসাহ পেয়েছে।

এ সময় তিনি জামায়াত আমিরের সমালোচনা করে বলেন, “জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন। জামায়াতের নেতারা তাঁকে দরবেশ ভাবতে পারেন, কিন্তু জামায়াতের আমির একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি জাসদ ছাত্রলীগ করতেন, সন্ত্রাস করেছেন, মিথ্যা কথা বলেছেন। জামায়াতে যোগ দেওয়ার পরে কি তিনি মিথ্যা ছেড়ে দিয়েছেন? জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে প্রস্তুত আছে।”

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্যসচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর