বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নিজ জন্মভূমিতে এটিই ডা. শফিকুর রহমানের প্রথম জনসভা। জনসমুদ্রে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “যারা বুক চিতিয়ে এই দেশকে নতুন করে দাঁড় করিয়েছে, সেই যুব সমাজের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী আপসহীনভাবে কাজ করবে।” রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
আঞ্চলিক উন্নয়নের রোডম্যাপ তুলে ধরে জামায়াত আমির ঘোষণা করেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোকসান প্রসঙ্গে তিনি বলেন, “বিমানের লোকসানের মূল কারণ দুর্নীতি ও অব্যবস্থাপনা। আমরা ক্ষমতায় গেলে সব ধরনের চাঁদাবাজি ও দুর্নীতি চিরতরে বন্ধ করব।”
মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী এম. সায়েদ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামির আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা দল-মত নির্বিশেষে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণা জোরদার করার নির্দেশ দেন। এর আগে দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে কুলাউড়ায় পৌঁছালে স্থানীয় জনতা ও দলীয় কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।