বরিশাল

চিকিৎসা দিতে গিয়ে নিজেই মুমূর্ষু বাউফলের কেশবপুর স্বাস্থ্যকেন্দ্র

বাউফলে কেশবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন নিজেই রুগ্ণ। গত পাঁচ বছর ধরে গুরুত্বপূর্ণ পদ শূন্য এবং দুই বছর ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। জরাজীর্ণ ভবন, প্রয়োজনীয় সরঞ্জাম ও আসবাবপত্রের অভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে। ফলে ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই কেন্দ্রটি দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিনের অবহেলায় ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। চিকিৎসা কেন্দ্র ও আবাসিক ভবন—দুটিই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, চিকিৎসক ও জনবল না থাকায় বেশিরভাগ রোগীকে সেবা না নিয়েই ফিরে যেতে হয়। বিশেষ করে দরিদ্র নারী, শিশু ও প্রসূতি মায়েরা বেশি ভোগান্তিতে পড়ছেন। সদরে গিয়ে চিকিৎসা নেওয়ার আর্থিক সামর্থ্য না থাকায় অনেকেই চিকিৎসাসেবা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রে গত পাঁচ বছর ধরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), আয়া ও নিরাপত্তাপ্রহরীর পদ শূন্য রয়েছে। পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), ফার্মাসিস্ট ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) পদে লোক থাকলেও তাঁরা নিয়মিত অফিসে আসেন না বলে অভিযোগ রয়েছে। ফলে প্রায়শই কেন্দ্রটি বন্ধ থাকে।

বাজেমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, দরিদ্র নারী, শিশু ও সাধারণ মানুষের জন্য এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসক, ওষুধ ও সরঞ্জামের অভাবে সাধারণ মানুষ কোনো সেবা পাচ্ছেন না। দ্রুত কেন্দ্রটি সচল করা দরকার।

বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব শংকর দাস বলেন, প্রায় ৫০ হাজার মানুষের সেবার এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলিত। চিকিৎসক ও জনবল সংকটের পাশাপাশি ভবন সংস্কার না হওয়ায় চিকিৎসাসেবা প্রায় বন্ধ রয়েছে। দ্রুত চিকিৎসক নিয়োগ, ওষুধ সরবরাহ ও ভবন সংস্কারের দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দা আখতারুজ্জামান বাদল বলেন, গ্রামের দরিদ্র মানুষের পক্ষে সদরে গিয়ে চিকিৎসা নেওয়া অত্যন্ত কঠিন। অথচ স্থানীয় হাসপাতালেও সেবা মিলছে না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ফৌজিয়া জানান, চার মাস আগে তিনি এখানে যোগদান করেছেন। আয়া ও প্রহরী না থাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সব কাজ তাঁকেই একাই করতে হচ্ছে। এখানকার টিউবওয়েল নষ্ট, মোটর ও আইপিএস চুরি হয়ে গেছে। পাশাপাশি তীব্র পানি ও বিদ্যুৎ সংকট রয়েছে। নিজের কেনা সরঞ্জাম দিয়ে প্রসূতি মায়েদের পরীক্ষা করতে হচ্ছে। অন্যদিকে আবাসিক ভবন বসবাসের অনুপযোগী হলেও বেতন থেকে নিয়মিত বাড়িভাড়া কেটে নেওয়া হচ্ছে।

বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানা ইয়াসমিন লিসা জানান, প্রায় দুই বছরের বেশি সময় ধরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো ওষুধ সরবরাহ নেই। প্যারাসিটামলের মতো সাধারণ ওষুধও রোগীদের দেওয়া যাচ্ছে না। জন্মনিয়ন্ত্রণের সাতটি পদ্ধতির মধ্যে বর্তমানে শুধু কনডম ছাড়া অন্য কোনো সামগ্রী নেই। প্রায় ১০ বছর ধরে নতুন নিয়োগ বন্ধ থাকায় জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে।

পটুয়াখালী জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সারা দেশে ৫৯২টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মাণের প্রস্তাব রয়েছে। একনেকে অনুমোদন পেলে এর কাজ শুরু হবে। পটুয়াখালীর ১২টির মধ্যে বাউফলের কেশবপুর ও সূর্যমনি কেন্দ্রও এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। নতুন ভবনের প্রস্তাব থাকায় বর্তমানে সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না।

এলাকাবাসীর দাবি, নতুন ভবনের আশায় বসে না থেকে জরুরি ভিত্তিতে ভবন সংস্কার, শূন্য পদে জনবল নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সরবরাহ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।



সম্পর্কিত খবর