রংপুর

জলঢাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

নীলফামারীর জলঢাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পাতা রানী (২৬) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকাল ৬টার দিকে জলঢাকা পৌর এলাকার দুন্দিবাড়ি চৌকিদারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত পাতা রানী উপজেলার কাঁঠালী ইউনিয়নের ভোগমারী এলাকার নিপেন্দ্র নাথের স্ত্রী। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় চড়ে কর্মস্থলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাতা রানী রাস্তা ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় নিহতের সহকর্মী দিতি রানী ও ভ্যানচালক বাঘরাম রায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে এবং আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।



সম্পর্কিত খবর