চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীতে পরকীয়ার জেরে শ্রমিক দল নেতাকে হত্যা, সাবেক স্ত্রী ও শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর চাটখিলে পরকীয়ার জেরে শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেলকে (৩২) হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়ার ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে র‍্যাব। এ ঘটনায় রাসেলের সাবেক স্ত্রী ও সাবেক শ্যালিকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা, তাঁর বোন নাদিয়া সুলতানা রত্না এবং মুক্তার বর্তমান স্বামী খাগড়াছড়ির রামগড় থানার গুইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সেলিম।

র‍্যাব জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সঙ্গে তাঁর পারিবারিক কলহ দেখা দেয়। একপর্যায়ে মুক্তা রাসেলকে তালাক দেন। তবে রাসেল বিষয়টি মেনে নিতে পারেননি এবং পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা চালিয়ে যান। কিন্তু চলতি বছরের অক্টোবর মাসে সেলিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুক্তা। বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তাদের বাড়িতে আরও বেশি আসা-যাওয়া শুরু করেন।

র‍্যাব আরও জানায়, গত ৬ নভেম্বর রাসেলের মুঠোফোনে কল দিয়ে তাঁকে নিজেদের বাড়িতে আসতে বলেন মুক্তা। ওই কল পেয়ে রাত ১০টার দিকে মুক্তাদের বাড়িতে যান রাসেল। সেখানে বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে অপর আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন মুক্তা। ঘটনাটি ধামাচাপা দিতে পাশের একটি পরিত্যক্ত ঘরে রাসেলের মরদেহ কম্বল মুড়িয়ে মাটিচাপা দেন মুক্তা ও তাঁর সহযোগীরা। গতকাল বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা অবস্থায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার ভিত্তিতে র‍্যাব-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরে চট্টগ্রামের ডাবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

 


সম্পর্কিত খবর