জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে মামুন স্মৃতি পাবলিক স্কুলের নতুন বই বিতরণ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দিয়ে এই উৎসবের সূচনা করা হয়।
স্কুল কর্তৃপক্ষ জানায়, ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিনে সরকার ঘোষিত দেশব্যাপী বই উৎসবের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন নতুন বই বিতরণের পাশাপাশি সদ্য সমাপ্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে স্কুলের পরিচালক মামুনুর রশীদ, শাহজাহান আলী ও রুনু পারভীন উপস্থিত ছিলেন। এছাড়া অধ্যক্ষ আলহাজ মো. সিরাজুল ইসলাম ও প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তারা বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার এই উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।