ঝিনাইদহে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ৬টি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ ভোটের যাবতীয় উপকরণ তুলে দেওয়া হয়।
পুলিশি প্রহরায় ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অমোচনীয় কালিসহ অন্যান্য সামগ্রী প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৪টি সংসদীয় আসনে মোট ৫৮৮টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ২৩৭টিকে 'গুরুত্বপূর্ণ' (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবারের নির্বাচনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন।
ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ জানান, ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ৭ হাজার ৬৪৪ জন আনসার, ১ হাজার ৬৪৪ জন পুলিশ, ১ হাজার ২৯ জন সেনাসদস্য ছাড়াও বিজিবি ও র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।”
এ ছাড়া নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরাসরি মাঠ তদারকি করবেন বলে জেলা প্রশাসন নিশ্চিত করেছে।