টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা জজ আদালতের বিচারক জ্যেষ্ঠ দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তদের একজন হলেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাহারতা রামখাপাড়া গ্রামের আ. খালেকের ছেলে হোসেন আলী (৩৫)। এই মামলার অপর আসামি সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে হিরু মিয়া ওরফে হায়দাকে (৫৫) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
টাঙ্গাইল দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৫ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার বড়চওনা এলাকায় কালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে আসামি হোসেন আলী ও হিরু মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় আসামি হোসেন আলীর কাছ থেকে ৯০ গ্রাম ও হিরু মিয়ার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশের এসআই নুরুজ্জামান বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেন। বিচারকার্য শেষে সোমবার আসামিদের এই সাজা ঘোষণা করেন আদালত।
রায় ঘোষণার সময় আসামি হিরু মিয়া আদালতে উপস্থিত থাকলেও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হোসেন আলী পলাতক রয়েছেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান পারভেজ ও অ্যাডভোকেট খ. মনিরুল ইসলাম মনির।