আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের ১১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রাণীনগর উপজেলায় ১০টি এবং আত্রাই উপজেলায় ২৩টি কেন্দ্র এই তালিকায় রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও স্ট্রাইকিং ফোর্সের টহল বাড়ানো হয়েছে। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও রাখা হয়েছে।
রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, উপজেলার ৫৫টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অন্যদিকে, আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম জানান, উপজেলার ৬০টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ আমলে নিয়ে পর্যাপ্ত নজরদারির আওতায় আনা হয়েছে।
রাণীনগর ও আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুরো নির্বাচনী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। এই আসনে বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির (মোটরসাইকেল), জামায়াতে ইসলামীর মো. খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মো. রফিকুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।