বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটিই দেশের প্রথম শারদীয় দুর্গোৎসব। প্রধানমন্ত্রী তারেক রহমানের অসাম্প্রদায়িক ও দূরদর্শী চিন্তা-চেতনার আলোকে দেশের সব ধর্মাবলম্বী মানুষের সমান অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে নিজ বাসভবনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজা উদযাপনে সরকার সর্বোচ্চ গুরুত্ব ও সহযোগিতা প্রদান করছে। দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সরকারি আর্থিক অনুদান ও সহায়তা পূজামণ্ডপগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের নেতাকর্মীরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন।
বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।
এ সময় বক্তব্য দেন বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায় ও সাধারণ সম্পাদক সুকোমল মোধকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মনোহরদী ও বেলাব উপজেলার মোট ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।