ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়েন। এ নিয়ে শনিবার দুপুরে তাঁর ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মজিবুলের পরিবারের সঙ্গে রবিউলের পরিবারের সদস্যদের মারামারি শুরু হয়। সে সময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল এবং তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজিবুল মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর রবিউল পালিয়ে গেলেও তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী অভিযুক্তের স্ত্রীকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছেন। পলাতক রবিউলকে গ্রেফতারে অভিযান চলছে।