বরিশাল

বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

পটুয়াখালীর বাউফলে মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. মোতালেব মুন্সি (২০) নামে এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাউফল-দশমিনা সড়কের কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোতালেব দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের জালাল মুন্সির ছেলে। আহতরা হলেন একই উপজেলার নওয়াব কাঁচারি এলাকার আবুল বশার (৪০) ও বগুড়া গ্রামের আসাদুল (১৮)।

 

প্রত্যক্ষদর্শী মো. হিরণ সরদার জানান, দশমিনা থেকে আসা একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান বলেন, "হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মোতালেবের মৃত্যু হয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পর্কিত খবর