বরিশাল

বাউফলে ভূয়া এনজিওর প্রতারণা, ১৫ লাখ টাকা নিয়ে উধাও

পটুয়াখালীর বাউফলে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় দেড় শতাধিক মানুষের কাছ থেকে ১৫ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ নামের একটি ভূয়া এনজিও।

রোববার বেলা ৩টায় ঋণ দেওয়ার কথা বলে বাউফল পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের কলেজ রোডস্থ জালাল প্লাজায় অবস্থিত অফিসে আসতে বলা হয় গ্রাহকদের। কিন্তু নির্ধারিত সময়ে অফিসে গিয়ে কোনো কর্মকর্তাকে পাননি ভুক্তভোগীরা। অফিসে শুধু ডেকোরেটরের ভাড়া করা কয়েকটি চেয়ার-টেবিল দেখতে পান তারা।

পরে বিষয়টি জানাজানি হলে বিভিন্ন এলাকার শতাধিক মানুষ এসে অফিসের সামনে ভিড় জমান এবং থানায় খবর দেন।

ভুক্তভোগী আজিজ বলেন, "একজন মাঠকর্মী আমাকে ৪ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে দুই দফায় ৩৭ হাজার টাকা নিয়েছেন। এভাবে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ১৫ লাখের বেশি টাকা হবে।"

জালাল প্লাজার মালিক জালাল চৌকিদার বলেন, "অফিস ভাড়া দেওয়ার সময় তারা যে কাজটির কথা বলেছিল, তা যে প্রতারণা আর মানুষের কাছ থেকে টাকা নিয়ে এভাবে পালাবে—তা আমি বুঝতে পারিনি।"

এ বিষয়ে উপজেলা এনজিও সমন্বয়কারী আব্দুল খালেক বলেন, "সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা নামে কোনো এনজিও বাউফলে নিবন্ধিত নেই। সমন্বয় সভাতেও তাদের কাউকে দেখা যায়নি।"

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, "ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

প্রতারণার শিকার ভুক্তভোগীরা দ্রুত তদন্ত সাপেক্ষে তাদের জমানো টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

 


সম্পর্কিত খবর