অর্থনীতি ও বাণিজ্য

বাণিজ্য মেলার সপ্তম দিনে মানুষের উপচে পড়া ভিড়

হিমেল হাওয়া আর মিষ্টি রোদে বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। ক্রেতাদের সামলাতে ব্যস্ত বিক্রয়কর্মী। এদিকে মেলায় সন্ধ্যার পর কনসার্টের আয়োজন করায় তরুণ তরুণীদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। দল বেঁধে সবাই এসেছেন গান শোনার জন্য। 

 

গত ৩ রা জানুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলার ৩০ তম আসর। হাজার হাজার ক্রেতা-দর্শনার্থী মেলা প্রাঙ্গণে এসেছেন। ঘুরে-ফিরে পছন্দের পণ্য কিনে ঘরে ফিরেছেন। 

 

শুক্রবার মেলা প্রাঙ্গণে গিয়ে সরেজমিনে দেখা গেছে, জুমার নামাজের পর থেকেই কুড়িলে মেলাগামী বিআরটিসি বাসের টিকিটের জন্য মানুষজনের লম্বা সারি। বাস থেকে নেমে মেলা প্রাঙ্গণে পৌঁছাতেই দর্শনার্থী ও ক্রেতাদের আরও কয়েকগুণ ভিড় দেখা যায়। 

 

মেলা প্রাঙ্গণে প্রবেশ করে দেখা যায়, দল বেঁধে দর্শনার্থীরা প্রবেশ টিকিট কেটে আসছেন। মেলায় দর্শনার্থীদের এমন আগমনে বিক্রেতাদের মুখে উচ্ছাসের হাসি। মেলায় আসা ক্রেতারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে চাহিদা মতো নিজের কাঙ্খিত পণ্যটি কেনার চেষ্টা করছেন। আবার অনেকে কেনাকাটা শেষ করে স্টলে বাইরে বসে বিশ্রাম নিচ্ছেন। মেলায় আসা ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে কাপড়, প্রসাধনী ও ক্রোকারিজ পণ্যের স্টলগুলোতে। ভীড় দেখা গেছে রাজা মামার চায়ের স্টলে। 

 

দুপুরের দিকে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, দলবেঁধে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে সকাল থেকে মেলায় আসতে থাকেন মানুষ। বিকেলে এটি ছোটখাটো জনসমুদ্রে পরিণত হয়। প্রবেশ টিকিট ক্রয়ের পর্যাপ্ত বুথ থাকায় মেলায় ঢুকতে খুব একটা বেগ পেতে হয়নি ক্রেতা-দর্শনার্থীদের। মেলার ভেতরেও তিলধারণের ঠাঁই ছিল না। এরপরও দর্শনার্থীদের চোখ-মুখের ভাষা বলে দিচ্ছিল, এই বিপুল জনসমাগমও তাদের আনন্দ-উচ্ছাস  কমাতে পারেনি। সীমিত বিনোদনকেন্দ্রের এ  সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনস্থলে পরিণত হয় মেলা। 

 

রাজধানীর বাসাবো থেকে মেলায় এসেছেন আফসার আহমেদ ও মিম রহমান দম্পতি, বেশ কিছুদিন ধরে ঘরের আসবাবপত্র কেনার জন্য অপেক্ষায় ছিলাম। তাই মেলায় এসেছি আধুনিক ও মানসম্মত আলমারি ও সোফা পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। আজ ঘুরে ঘুরে বেশ কয়েকটি ফার্নিচারের শোরুম দেখলাম দুটি সোফা ও একটি ওয়ারড্রব পছন্দ হয়েছে। কিন্তু দাম অনেক বেশি চাচ্ছে। তাই অপেক্ষায় আছি যদি বেলার শেষ দিকে ছাড় দেয় তবে কিনে নেব। 

 

 



সম্পর্কিত খবর