যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রবিবার (১১ জানুয়ারি) ভোরে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তর ও র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি বিশেষ দল রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় আসলাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বসতঘর তল্লাশি করে বিছানার নিচ থেকে উক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটক সাকিব হাসান ওই গ্রামের আসলাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব একটি সিঅ্যান্ডএফ (C&F) এজেন্ট প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিবেশী আবদুল্লাহ জানান, গত শুক্রবার চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাকিব বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে র্যাব সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে অস্ত্রসহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, "র্যাব আটক আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।" সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।