‘টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি, সমাজসেবা দিবে অগ্রগতি’— এই প্রতিপাদ্যে নওগাঁর রাণীনগরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম এবং উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা অপরিসীম। সরকারি এই সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজসেবা কার্যালয়ের আওতাভুক্ত বিভিন্ন উপকারভোগী উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।