নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবু জাফর সিদ্দিক ও রফিকুল ইসলাম নামে দুই মাদকসেবীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। সোমবার বিকেলে তাদের এই সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নাবিলা ইয়াসমিন জানান, এদিন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই তাজুল ইসলাম রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে আসেন। এ সময় তিনিসহ উপজেলার খট্টেশ্বর পুরাতন হাটখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশ্চিম বালুভরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবু জাফর সিদ্দিক এবং খট্টেশ্বর গ্রামের জহুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।