রাজশাহী

রাণীনগরে ৪০ লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

নওগাঁর রাণীনগর থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০ লিটার বাংলা চোলাই মদ ও ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার মিরাট ইউনিয়নের চরকানাই ডাঙ্গাপাড়া এলাকা থেকে জুয়েল হোসেন (৩০) নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটকের সময় তাঁর কাছ থেকে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জুয়েল মিরাট ধনপাড়া গ্রামের দেলু মোল্লার ছেলে।

 

এছাড়া মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আতাইকুলা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ লিটার বাংলা চোলাই মদসহ শরিফ উদ্দীন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়েছে। আটক শরিফ নওগাঁর মান্দা উপজেলার তুরুকবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শরিফসহ কয়েকজন প্লাস্টিকের জারে ৪০ লিটার বাংলা চোলাই মদ নিয়ে এসে বিক্রির জন্য অপেক্ষা করছিল। এ সময় তাকে আটক করা হয়। এ ঘটনায় শরিফসহ কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।



সম্পর্কিত খবর