ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পথসভায় যোগ দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদ ইমরানের বাবা ছোয়াব মিয়া (৫৫)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার পুইট্টা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছোয়াব মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের বাসিন্দা। তাঁর ছেলে ইমরান ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সরাইলের কুট্টাপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পথসভায় যোগ দিতে এক ছাত্রনেতার মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন ছোয়াব মিয়া। পুইট্টা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালকও আহত হন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে কুন্ডা এলাকা থেকে ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ছোয়াব মিয়া একজন শহীদের পিতা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।”
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, দুর্ঘটনাটি সরাইল থানা এলাকায় ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।