টপ নিউজ

সৌদির বিধিনিষেধে বাতিল ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় ঢাকা থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট রুটের মোট ১৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৬২ এবং ট্রানজিট ফ্লাইট ৭৩টি।

 

 

এসব ফ্লাইট বাতিল হওয়ায় ভ্রমণ অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন মোট ২০ হাজার ৬৭২ জন যাত্রী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

 

সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকার প্রভাব পড়েছে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে। এতে সৌদি আরবগামী যাত্রীদের পাশাপাশি ট্রানজিটের মাধ্যমে দেশটিতে যাতায়াতকারী যাত্রীরাও সমস্যায় পড়েছেন।

 

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০, সৌদিয়া এয়ারলাইনসের ১৯ এবং রিয়াদ এয়ারওয়েজের ১০ ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এ চারটি এয়ারলাইনসের মোট ৬২টি সরাসরি ফ্লাইট এ পরিস্থিতির আওতায় রয়েছে।

 

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এসব এয়ারলাইনসের মোট ৭৩ ট্রানজিট ফ্লাইট এ তালিকায় রয়েছে।

 

ফ্লাইট চলাচলে এ বিঘ্নের কারণে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেককে যাত্রার সময়সূচি পরিবর্তন, বিকল্প ফ্লাইট খোঁজা এবং টিকিটসংক্রান্ত তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে।

 

বিশেষ করে কর্মস্থলে ফেরা প্রবাসী বাংলাদেশি, সৌদি আরবে কাজে যোগ দিতে যাওয়া কর্মী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীদের জন্য পরিস্থিতি বাড়তি দুর্ভোগ তৈরি করেছে।

 

পরিস্থিতির কারণে যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা, সময়সূচি ও টিকিটসংক্রান্ত তথ্য জেনে নেওয়া জরুরি। ফ্লাইটের সময় পরিবর্তন বা বাতিলের ক্ষেত্রে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 



সম্পর্কিত খবর