বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট আগলা এলাকায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) একটি নতুন টিওবি (ট্যাকটিক্যাল অপারেটিং বেস) নির্মাণ করেছে।
বুধবার (৭ অক্টোবর) নবনির্মিত এই টিওবি উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়ানো, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা জোরদারে এই টিওবি স্থাপন করা হয়েছে। বিদ্যমান বিওপিগুলো থেকে দূরত্বের কারণে উক্ত এলাকায় নজরদারিতে যে চ্যালেঞ্জ ছিল, নতুন টিওবির মাধ্যমে তা হ্রাস পাবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, নতুন টিওবি স্থাপনের ফলে সীমান্তে তাদের উপস্থিতি ও দ্রুত সাড়াদান (রেসপন্স) সক্ষমতা বাড়বে। পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা ও আস্থাও বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আনোয়ার-উল-আলম, কক্সবাজার রিজিয়নের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মফিজুর রহমান ভূঁইয়া, রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীসহ বিজিবির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।