চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে জামায়াতের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

বান্দরবানের আলীকদমে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬'-এর দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মাশুক এলাহীর সভাপতিত্বে এবং সহ-সম্পাদক সোয়াইবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হক ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিন।

বক্তারা ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, এই দিনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হন। বক্তারা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, সদর ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক, নয়াপাড়া ইউনিয়ন সভাপতি মুরাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের সভাপতি, সম্পাদক ও বিপুলসংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলীকদম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনফুল এলাকায় সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

 


সম্পর্কিত খবর