বান্দরবানের আলীকদমে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও ১ নম্বর সদর ইউনিয়নের প্রশাসক সোহেল রানা, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিথুন ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. শফিউল আলম ও তৈন রেঞ্জ কর্মকর্তা মো. আরিফুর রহমান। এ সময় ফায়ার সার্ভিস, আনসার ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রিটন, আলীকদম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. আরাফাতুল ইসলাম, ছাত্রদল নেতা কালাম ফেরদৌস ইসফাক, বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে আলীকদম উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আইয়ুব খান জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।