রাজনীতি

ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহ্বান, কুলাউড়ায় জামায়াতের আলোচনা ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে কুলাউড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমজান মাস কেবল উপবাসের মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ন্যায়ভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব। সমাজের সকল অন্যায়-অবিচার ও শোষণ দূর করে ইনসাফভিত্তিক সমাজ গঠনে রমজানের শিক্ষা আমাদের অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “বর্তমান কঠিন সময়ে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ত্যাগের মানসিকতা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত শিক্ষা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী, সাবেক উপজেলা আমীর মাস্টার আব্দুল হামিদ খান, বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শাহ আলম সরকার ও সদস্য সচিব মাহবুব জামান শিহাব।

এছাড়াও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, মোঃ আলাউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রমজান আমাদের শৃঙ্খলা, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ শিক্ষা ধারণ করে দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



সম্পর্কিত খবর