কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, একটা মারলে দুইটা মারবো। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেবো।
নিজের ফেসবুক আইডিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টায় এমন বার্তা দিয়েছেন তিনি। তার এ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও জামায়াত মনোনীত ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলিও করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এই ঘটনায় জামায়াতে ইসলামীর ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তারা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার ফেসবুকে এই ফটোকার্ডটি শেয়ার করে পরবর্তী সময়ে তিনি আবার সরিয়ে ফেলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আহতদের দেখতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান মুফতি আমির হামজা।
পরে বিকেলে এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে। সেখানে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, জুগিয়া এলাকায় একটি বালু মহাল হওয়ার কারণে এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে বালুবাহী ড্রাম-ট্রাকের জন্য।
তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তিনি নিজে সরজমিনে এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয়রা তার কাছে অভিযোগ জানান, ড্রাম-ট্রাক চলাচলের কারণে রাস্তাঘাট পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এলাকাবাসী অনেক দুর্ভোগে আছে। রাস্তা ঠিক করার জন্য তিনি বিভিন্ন দপ্তরে ফোন দিলে তারা জানান রাস্তা সক্ষমতা ১০ টন লোড নেওয়ার কিন্তু সেখানে প্রতিদিন ৩০ থেকে ৪০ টন বালুবাহী লোড ড্রাম-ট্রাক চলাচল করে। যার কারণে রাস্তা আবার নষ্ট হওয়ার শঙ্কায় নতুন করে রাস্তা করা যাচ্ছে না।
তিনি বলেন, আমি সেখানে বলে এসেছি, যতদিন না রাস্তা ঠিক হয় ততদিন এখানে কোন ড্রাম-ট্রাক চলবে না। এই ঘটনার কয়েকদিন পরই শহর জামায়াতের ইউনিট সদস্য ও জেলা জামায়াতে ইসলামী মনোনীত ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. শাজাহানের বাড়ি ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর স্থানীয় অফিসে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনাই জামায়াতে ইসলামীর ছয়জন কর্মী আহত হন। দুইজনের অবস্থা গুরুতর।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এই ঘাট ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরের নামের ঘাট। এখন বিএনপি নেতারা এই ঘাট হস্তান্তর করে চালাচ্ছে। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া আসলে সেখানে তিনি থাকবেন। সেই অনুষ্ঠানে তিনি বিএনপির নেতাদের নাম ধরে ধরে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করবেন।
তবে ফেসবুকে পোস্টের বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে সেই ফটোকর্ডটি পরবর্তীতে তিনি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন।
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।