রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত স্বৈরাচারী শাসনামলে প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে অশুভ যোগসাজশের মাধ্যমে জনগণের বিপুল অর্থ বিদেশে পাচার করে অর্থনীতির প্রায় সর্বত্র মাফিয়াতন্ত্র গড়ে তোলা হয়েছিল। এতে দেশের অর্থনীতি দুর্নীতি ও চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল।
শনিবার (২৮ নভেম্বর) সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ বিভাগের সচিব, আইসিএবি ও সাফার সভাপতিসহ দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সুশাসন ভেঙে পড়ায় বাংলাদেশকে চড়া মূল্য দিতে হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের প্রধান জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান নয়; ব্যাংকিং, বীমা, পুঁজিবাজার ও করপোরেট গভর্ন্যান্সের মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও এর শিকার হয়েছে। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে অশুভ আঁতাতের মাধ্যমে বিপুল পরিমাণ জনগণের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এতে অর্থনীতি দুর্নীতি ও চরম নৈরাজ্যের চক্রে পড়ে এবং প্রায় সর্বত্র মাফিয়াতন্ত্র গড়ে ওঠে।
অর্থ পাচারের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে ২০২৪ সালের শ্বেতপত্রে প্রাক্কলন করা হয়েছে যে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার বা ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
ব্যাংক খাতের দুরবস্থার কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। আরও স্বচ্ছ ঋণ শ্রেণিকরণের মাধ্যমে আগে লুকিয়ে রাখা দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ্যে আসায় এই বৃদ্ধির বড় অংশ প্রতিফলিত হয়েছে। স্বচ্ছতা বেদনাদায়ক হতে পারে, কিন্তু এটি অপরিহার্য। সংকটের প্রকৃত গভীরতা স্বীকার না করে আমরা এর সমাধান করতে পারব না।
অর্থনীতি পুনরুদ্ধারে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অর্থ পাচার প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার, ব্যাংকিং জালিয়াতি রোধে সুরক্ষা বৃদ্ধি, আইনি প্রক্রিয়ায় পাচারকৃত অর্থ উদ্ধার এবং খেলাপি ঋণের বোঝা কমাতে সরকার পদক্ষেপ নিচ্ছে। কোনো আপস ছাড়াই টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে এসব উদ্যোগকে এগিয়ে নিতে হবে।
সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল সামষ্টিক-আর্থিক প্রেক্ষাপট ও বিনিয়োগকারীদের আস্থা তৈরি’ বর্তমান সময়ে বাংলাদেশ ও এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, আস্থাই একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থার ভিত্তি। আমানতকারীরা ব্যাংকে তাদের সঞ্চয় রাখেন, বিনিয়োগকারীরা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর নির্ভর করেন এবং নাগরিকরা প্রত্যাশা করেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ রক্ষা করবে। এই আস্থা নষ্ট হলে তার প্রভাব কেবল আর্থিক বাজারেই সীমাবদ্ধ থাকে না; বরং পরিবার, ব্যবসা-বাণিজ্য ও জাতীয় স্থিতিশীলতার ওপরও পড়ে।
তিনি আরও বলেন, আর্থিক স্থিতিশীলতা ফেরানো, পুঁজিবাজার শক্তিশালী করা এবং মানসম্মত সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের জন্য সঠিক তথ্যের প্রাপ্যতা ও স্থিতিশীল নিয়ন্ত্রণমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি খাতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন জোরদার করতে হবে। করদাতারা সরকারি ব্যয় এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্পষ্ট ও যাচাইযোগ্য হিসাব পাওয়ার অধিকার রাখেন।