জাতীয়

প্রাণ ফিরেছে গাজীপুর শিল্পাঞ্চলে

গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছে শ্রমিকরা। টানা কয়েক সপ্তাহ আন্দোলন বিক্ষোভের পর মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণা নিয়ে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় শ্রমিকরা দলে দলে কাজে যোগ দেন। বেতন বাড়ানোর দাবি জানিয়ে গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি দিয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাঁশ-কাঠে আগুন জ্বালিয়ে দেন। ধীরে ধীরে বিভিন্ন আঞ্চলিক সড়কসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়িসহ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানা ছুটি দিতে বাধ্য করাসহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। সবশেষ দেড় সপ্তাহ আগে জেলার সদর ও শ্রীপুর উপজেলায় সংঘর্ষ হয়। বিক্ষোভ চলাকালীন সময়ে ১ নভেম্বর মালিক পক্ষ, শ্রমিক পক্ষ নিয়ে একটি মজুরি বোর্ড গঠন করে সরকার।

 

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখান করে শ্রমিকরা আন্দোলন করেছিল। এরপর বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। বিক্ষোভ আন্দোলন সংঘর্ষ, বাড়তি বেতনের ঘোষণা ও তিনদিনের ছুটি কাটিয়ে শনিবার সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন গাজীপুর শিল্পাঞ্চলে বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এখন ক্ষতি পুষিয়ে নিতে তারা কাজ করবেন।

 

সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা, বেড়াইদেরচালা এলাকায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭জন নির্বাহী ম্যাজেস্ট্রিট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা কাজ করছেন। সকাল থেকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা সতর্ক অবস্থানে রয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা বাদে অন্য কারখানাগুলো উৎপাদনে ফিরেছে।



সম্পর্কিত খবর