নরসিংদীর মাধবদীতে দুই বিঘা আয়তনের একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার ভোরে পুকুরের পানিতে হাজার হাজার মাছ মরে ভেসে ওঠে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি।
ঘটনাটি ঘটেছে মাধবদীর রাইনাদী এলাকায়।
সরেজমিনে দেখা যায়, পুকুরের পানিতে অসংখ্য মরা মাছ ভেসে রয়েছে। মাছ পচে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পুকুরের পাড়ে ক্ষতিগ্রস্ত মাছচাষি তরিকুল ইসলাম জুয়েলকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

মাছচাষি তরিকুল ইসলাম জুয়েল জানান, তিন মাস আগে দুই বিঘা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন তিনি। রোববার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে তাঁর অভিযোগ। এতে পুকুরের প্রায় সব মাছ মারা গেছে। তাঁর দাবি, এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, “আমার সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে। তাই বলে এভাবে মাছের সঙ্গে শত্রুতা করতে হবে? আমি আল্লাহর কাছে এর বিচার চাইলাম।”
স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কেউ পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে থাকতে পারে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, তাঁরা ঘটনার খবর পেয়েছেন। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এক রাতের ঘটনায় সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত মাছচাষি এখন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।