রংপুর

একটি দল সরকারের সফলতাকে প্রশ্নবিদ্ধ ও বিরোধিতা করতে চায়: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ

একটি দল সরকারের সফলতাকে প্রশ্নবিদ্ধ ও বিরোধিতা করতে চায়। নির্বাচনের আগে একটি দল জান্নাতের টিকিট দিতে চেয়েছিল; তারা বলেছিল, তাদের ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। কিন্তু কোনো প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায় না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জেলা ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, “আপনাদেরকে মসজিদ-মাদ্রাসায় তৎপর ও সোচ্চার হতে হবে, যাতে তারা কোনো অপচেষ্টা চালাতে না পারে। তারা মসজিদকে রাজনৈতিক কেন্দ্র বানাতে চেয়েছিল। সামনে আসছে ওয়াজ মাহফিলের মৌসুম। আমরা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নই। তবে আপনারা ওয়াজ মাহফিলে সরকারের বিরোধিতা করবেন—তা হবে না। আপনারা দক্ষিণ অঞ্চল থেকে মাহফিলে ভালো বক্তা এনে ইসলামের সঠিক ব্যাখ্যা দেবেন। এজন্য আপনাদের সহযোগিতা করতে হবে; নিরপেক্ষ বক্তা নিয়ে আসতে হবে। তাহলেই মানুষের মধ্যে ইসলামের চেতনায় এবং কুরআন-হাদিসের আলোচনায় সচেতনতা ফিরে আসবে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেব। বর্তমান সরকার তা দেবে। ইসলাম কোনো দলের বা ব্যক্তির নয়; ইসলাম হলো একটি আধুনিক ধর্ম। অথচ একটি দল দেশকে তাদের মতো করে প্রচার ও ব্যাখ্যা করতে চায়।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়।

জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ওলামা দলের সদস্যসচিব রফিকুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম মমিন কাচ্চু, জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, সাবেক পিপি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু দাউদ প্রধান এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ বারী।

জেলা ওলামা দল এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম। আলোচনা সভায় পঞ্চগড়ের পাঁচ উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর