খুলনা

এসএসসিতে যশোর বোর্ডে কমছে পরীক্ষার্থী, ২১ এপ্রিল শুরু

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৪০১ জন কমেছে। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় বোর্ডটির অধীনে মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

 

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ৪৯০ জন। এ বছর নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং অনিয়মিত ২৫ হাজার ৬৭৮ জন। বিজ্ঞান বিভাগে ৩৯ হাজার ৪২৬, মানবিকে ৮২ হাজার ৪১১ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থী রয়েছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন এবং ছাত্রীর সংখ্যা ৬৮ হাজার ১৬১ জন।

 

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন জানান, শিক্ষার্থী ঝরে পড়ার কারণেই মূলত পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। তবে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।”

 

জেলাওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, যশোর জেলায় সর্বোচ্চ ২২ হাজার ৮৮ জন এবং মেহেরপুর জেলায় সর্বনিম্ন ৬ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এছাড়া খুলনায় ২১ হাজার ৪২৮, সাতক্ষীরায় ১৪ হাজার ২৪৭, কুষ্টিয়ায় ১৯ হাজার ৭৪৯ এবং বাগেরহাটে ১১ হাজার ৯২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবেন। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা ও নড়াইল জেলাতেও আনুপাতিক হারে পরীক্ষার্থী কমেছে।



সম্পর্কিত খবর