ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, বহিরাগতদের শোষণ থেকে রক্ষা করে কালীগঞ্জের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ‘কাপ-পিরিচ’ প্রতীকে ভোট দিতে হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসমাবেশে তিনি এ কথা বলেন।
হাজারো কর্মী-সমর্থকের উপস্থিতিতে সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, তাঁর জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষের লোকজন কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। তিনি বলেন, “হামলা চালিয়ে আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না। জনগণের অনুরোধেই আমি প্রার্থী হয়েছি এবং কোনো অপশক্তির সঙ্গে আপস করব না।” তিনি আরও জানান, হামলায় আহত কয়েকজন কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপ্লব ঘটানোর আহ্বান জানিয়ে ফিরোজ বলেন, ঝিনাইদহ-৪ আসনের মর্যাদা রক্ষা করাই এখন মূল চ্যালেঞ্জ।
কালীগঞ্জ ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল ও মশিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু। সমাবেশ শেষে একটি নির্বাচনী শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।